৪ দিনে ভার্চুয়াল কোর্টের জামিনে কারমুক্ত ৯ হাজার হাজতি

১৮ মে, ২০২১ ২১:০৯  
করোনা সংক্রমণ রোধকল্পে দ্বিতীয় দফার চতুর্থ দিনে রবিবার (১৮ এপ্রিল) সারা দেশের নিম্ন আদালতে ৩ হাজার ৩১৩টি আবেদনের ভার্চুয়াল শুনানি নিয়ে এক হাজার ৮৪২ জন আসামিকে জামিন দেওয়া হয়েছে। এর ফলে চার কার্যদিবসে ভার্চুয়াল কোর্টে জামিনপ্রাপ্ত হয়ে কারামুক্ত হয়েছেন ৯ হাজার ৪৬ জন আসামি। সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, ‘করোনা সংক্রমণ রোধকল্পে দ্বিতীয় দফায় সারা দেশে নিম্ন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন এবং বেশি জরুরি ফৌজদারি দরখাস্তের ওপর শুনানি হয়েছে। রবিবার দেশের নিম্ন আদালত ও ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানিতে তিন হাজার ৩১৩টি জামিনের দরখাস্ত নিষ্পত্তি করা হয়েছে এবং এক হাজার ৮৪২ জন হাজতি অভিযুক্ত আসামিকে জামিন দেওয়া হয়েছে। এর আগে ভার্চুয়াল আদালতের প্রথম দিন দেশের নিম্ন আদালতগুলোতে এক হাজার ৬০৪ জন, দ্বিতীয় দিনে তিন হাজার ২৪০ জন এবং তৃতীয় দিনে দুই হাজার ৩৬০ জন আসামিকে জামিন দেওয়া হয়। প্রথম তিন কার্যদিবসে কারামুক্তি পান মোট সাত হাজার ২০৪ জন হাজতি আসামি।